ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী ছাত্রদলের ধর্মঘটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস না হলেও পরীক্ষা চলছে। ধর্মঘটী তিন জনকে আটক করেছে পুলিশ।
ঢাকা বিশ্বদ্যিালয়ের নির্মাণাধীন ছাত্রী হলের নাম পরিবর্তনের প্রতিবাদে বিএনপির ছাত্র সংগঠনটি শনি ও রোববার এ ধর্মঘটের ডাক দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খালেদা জিয়ার পরিবর্তে সুফিয়া কামালের নামে ওই হলের নাম করেছে।
সকাল ৯টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে দুজন এবং সাড়ে ৯টার দিকে দোয়েল চত্বর থেকে এক ছাত্রদলকর্মীকে আটক করা হয় বলে শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ধর্মঘটের সমর্থনে পিকেটিংয়ের জন্য ছাত্রদল নেতাকর্মীরা আজিজ সুপার মার্কেটে জড়ো হতে শুরু করলে পুলিশ সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রোকন এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের রানাকে আটক করে।
অন্যদিকে শিক্ষা ভবনের সামনে থেকে ছাত্রদল মিছিল নিয়ে ক্যাম্পাসের পথে দোয়েল চত্বরে এলে পুলিশ ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে আরিফুল ইসলাম নামে এক জনকে আটক করা হয়।
সকালে বিভিন্ন বিভাগ ঘুরে পরীক্ষাগুলো চলতে দেখা যায়। তবে ক্লাস হতে দেখা যায়নি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও কম।
এদিকে ছাত্রদলের ইডেন কলেজ শাখার একটি মিছিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শহীদ মিনারের কাছে এলে পুলিশ তাদের সেখানেই আটকে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১১৪০ ঘ.
bdnews24