রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
এই কমিটির ঘোষিত পাঁচ সদস্যের মধ্যে আহমেদ হোসেন সভাপতি ও আবু হুসাইন বিপুকে সাধারণ সম্পাদক করা হয়।
শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইলিয়াস হোসেন ও জাকির হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন মুরাদ।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রোববার রাবি ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।
নতুন সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় কমিটি পাঁচ সদস্যের নাম ঘোষণা করেছে। বাকি সদস্যদের পরে এখানে (বিশ্ববিদ্যালয়) নির্বাচন করা হবে।
গত বছরের ২৭ জানুয়ারি রাবি শাখা ছাত্রলীগের ছয় সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। একই বছরের ৮ অগাস্ট কেন্দ্রীয় ছাত্রলীগ ওই কমিটি স্থগিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৩ ঘ.
bdnews24