২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের প্রহারে ছাত্রী হাসপাতালে

মৌলভীবাজারের জুড়ীতে শিক্ষকের প্রহারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ছালমা বেগম (১৩) নামের সপ্তম শ্রেণীর এক ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

মৌলভীবাজার, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের জুড়ীতে শিক্ষকের প্রহারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ছালমা বেগম (১৩) নামের সপ্তম শ্রেণীর এক ছাত্রী। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী দা-লাঠি নিয়ে ওই বিদ্যালয়ে যায়। তবে সেখানে উপস্থিত সাবেক চেয়ারম্যান আব্দুর নূর সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা ফিরে আসে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাগরনাল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ছালমা সাগরনাল ইউনিয়নের টিলাগাঁও গ্রামের মেয়ে। তার বাবা চেরাগ আলী সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৯টার দিকে ছালমা ক্লাশ শুরুর আগে অসাবধানতাবশতঃ শ্রেণীকক্ষে শিক্ষকের টেবিলের উপরে বসে চেয়ারে পা রেখে সহপাঠীদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এ সময় বাংলা বিষয়ের শিক্ষক মুহিবুর রহমান তা দেখে শ্রেণীকক্ষে এসে ছালমাকে প্রথমে হাত দিয়ে ও পরে গাছের ডাল দিয়ে মারতে শুরু করেন। শিক্ষকের প্রহারে ছালমা অসুস্থ হয়ে পড়লে জাহেরা বেগম, আলেয়া বেগমসহ ৪/৫ জন সহপাঠী তাকে বাড়িতে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা খারাপ দেখে মা আফজান বেগম তাকে জুড়ীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। তিনি জানান, ছালমার দেহে বিভিন্ন স্থানে প্রহারের চিহ্ন রয়েছে। শিক্ষকের প্রহারে সে ভীত হয়ে পড়ায় ঠিকমতো কথা বলতে পারছে না। সরকার গত ২৬ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের মারধর বা মানসিক নির্যাতন নিষিদ্ধ ঘোষণা করেছে। সাগরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনার সময় তিনি স্কুলে ছিলেন না। পরে এসে ঘটনা জানতে পারেন। বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভা ডেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫০ ঘ.