ময়মনসিংহ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর কর্মচারীদের হামলার প্রতিবাদ ও পাঁচদফা দাবিতে শিক্ষার্থী ও নার্সরা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে।
বুধবার তারা কালো ব্যাজ ধারণ, বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচি ও কর্মবিরতি পালন করে। সকাল ৯টায় তারা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল করে প্রেসক্লাবের সামনে আসে। এখানে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি শেষে তারা কলেজ ক্যাম্পাসে ফিরে যায়।
এদিকে ডিপ্লোমা নার্সরা এই কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে হাসপাতালে চার ঘণ্টা কর্মবিরতি পালন করে।
ডিপ্লোমা নার্সেস এসোসিয়েশনের সভাপতি জহুরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাবি আদায় না হলে নতুন করে কর্মসূচি দেওয়া হবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে অসুস্থ্য নার্সিং শিক্ষার্থী ও নার্সদের জন্য বরাদ্দকৃত কক্ষ বাতিলের প্রতিবাদে সোমবার দুপুরে হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করতে যান নার্সরা। তারা পরিচালকের কক্ষের সামনে অবস্থান নিলে ৩য় ও ৪র্থ শেণীর কর্মচারীরা তাদের ওপর হামলা চালায়।
এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। আহত হয় কমপক্ষে ৫০ জন। এদের মধ্যে ৩২ জন নার্সিং শিক্ষার্থীসহ ৩৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/২০৫৭ ঘ.
bdnews24