২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান শিক্ষককে প্রহার করলো ডেসটিনির কর্মীরা

গাছের চারা বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ডেসটিনি-২০০০ লিমিটেডের কর্মীরা বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ও প্রহরীকে প্রহার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

বগুড়া, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাছের চারা বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ডেসটিনি-২০০০ লিমিটেডের কর্মীরা বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ও প্রহরীকে প্রহার করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্কুলছাত্ররা ডেসটিনির দুই কর্মীকে গণধোলাই দিয়েছে। তারা ওই প্রতিষ্ঠানের কার্যালয়, একটি মোটরসাইকেল, গাড়ি ও একটি পিকআপ ট্রাক ভাংচুর করেছে। পুলিশ ডেসটিনির এক কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ডেসটিনির উদ্যোগে বুধবার বেলা ১০টায় বগুড়া জিলা স্কুল মাঠ সংলগ্ন আমিনুল ইসলাম দুলাল মিলনায়তনের সামনে মঞ্চ তৈরি করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে ডেসটিনির বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি চলাকালে স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ সেখানে গিয়ে দ্রুত কর্মসূচি শেষ করার এবং ক্লাশ চলাকালে মাইক বন্ধ রাখার জন্য বলেন। এনিয়ে ডেসটিনি কর্মীরা প্রধান শিক্ষকের সঙ্গে তর্কে লিপ্ত হয় এবং এক পর্যায়ে তাকে প্রহার করে। এসময় স্কুলের প্রহরী আব্দুল বাকী এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। এ খবর স্কুলছাত্র ও শিক্ষকদের মাঝে ছড়িয়ে পড়লে শত-শত ছাত্র ক্লাস থেকে বের হয়ে এসে ডেসটিনির অনুষ্ঠানে হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর করে। ডেসটিনির অর্ধ শতাধিক কর্মী পালিয়ে যাওয়ার সময় ছাত্ররা দু'জনকে আটক করে গণধোলাই দেয়। বিক্ষুদ্ধ ছাত্ররা ডেসটিনির মঞ্চ ভেঙ্গে ফেলে, তাদের একটি প্রাইভেট কার ও গাছের চারা বহন কাজে নিয়োজিত একটি পিকআপ ভাংচুর করে এবং ঘটনার বিচার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষকদের সহায়তায় ছাত্রদেরকে স্কুলের ভিতরে নিয়ে যায়। এরপর ছাত্রদের একটি অংশ স্কুলের পেছনের গেট দিয়ে বের হয়ে শহরের মফিজপাগলার মোড়ে ডেসটিনির আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত জেলা প্রশাসক আনওয়ারুল ইসলাম (শিক্ষা) শিক্ষকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে বুধবারের সকল ক্লাশ স্থগিত করা হয় এবং বৃহস্পতিবার স্কুল বন্ধ ঘোষণা করা হয়। প্রহরী আব্দুল বাকীকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ডেসটিনির বগুড়া অঞ্চলের ট্রি প্ল্যানটেশন-এর আহ্বায়ক আব্দুল কাদের, কর্মী নাইম খান (১৮) ও আল-আমিনকে (২২) গ্রেপ্তার করেছে। বগুড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ সাংবাদিকদের জানান, এসব ঘটনায় স্কুল ছুটি এবং বৃহস্পতিবার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বগুড়া সদর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) খাইরুল বাশার জানান, ছাত্ররা গাড়ি ও পিকআপ ভ্যান ভাংচুর করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০২১ ঘ.