ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ছাত্রদল নেত্রীসহ ৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় ক্যাম্পাসে কলা ভবনের সামনে কাঠাল তলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগ কর্মীরা এ সময় ইসলামিক স্টাডিজ বিভাগে ভাংচুর চালায়।
এদিকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছাত্রদলের দু'নেতাসহ ৪ জনকে এবং শিবিরকর্মী সন্দেহে অপর এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকনকে গত সোমবার হরতালের দিন আটক করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বিক্ষোভ মিছিলটি কলা অনুষদ থেকে শুরু হওয়ার সময় সেখানে উপস্থিত ছাত্রলীগ নেতা-কর্মী ও পুলিশ একযোগে তাদেরকে ধাওয়া করে। এ সময় ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে ছাত্রদল নেতা কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সহছাত্রী বিষয়ক সম্পাদক শওকত আরা উর্মি, মৌসুমী মৌ, আসলাম, সোহেল শিকদার ও সাব্বির আহত হয়।
এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। কয়েকজন নেতা-কর্মী ইসলামিক স্টাডিজ বিভাগে শিক্ষকদের কক্ষে আশ্রয় নিলে ছাত্রলীগ কর্মীরা ওই বিভাগে ভাংচুর চালায়। এ সময় বিভাগের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ কর্মীরা শিক্ষকদের কক্ষের দরজা-জানালা ভেঙ্গে ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালায় ।
বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ সেখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আশরাফ মামুন, মাহবুবুর রহমান রবি, ছাত্রদল কর্মী জিয়াউল হাসান সোহেল এবং আসাদুল্লাহ নামের বহিরাগত এক ছাত্রকে আটক করে। এছাড়াও পুলিশ শিবির কর্মী সন্দেহে আরাফাত আলী নামের এক ছাত্রকে আটক করে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন বলেন, বিনা উস্কানিতে পুলিশ ও ছাত্রলীগ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ বলেন, ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সকলকে কাজ করতে হবে।
বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে দলেরই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
এ বিষয়ে কেতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক বলেন, ছাত্রদল কর্মীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষের আশঙ্কায় পুলিশ ছাত্রদল কর্মীদের বাধা দেয়। পরে ছাত্রদল কর্মীরা বাস ভাংচুরের চেষ্টা করলে কয়েকজনকে আটক করা হয়।
বিভাগে ভাংচুর চালানোর বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল ওয়াদুদ বলেন, বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদকে জানিয়েছি। তিনি তাৎক্ষণিকভাবে তা মেরামতের ব্যবস্থা করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা বলেন, ছাত্রদল কর্মীরা প্রশাসনের অনুমতি না নিয়ে ক্যাম্পাসে মিছিল বের করে। তারা বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুরের চেষ্টা করলে পুলিশ তাদের কয়েকজনকে আটক করে।
পুলিশ জানায়, এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৭ ঘ.
bdnews24