রংপুর, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক দীপ কেন্দ্র নাথ দাসকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি চালানোর প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ-সমাবেশ ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে।
সন্ত্রাসীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে বুধবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করে ছাত্র সংগঠনগুলো। এ দাবিতে রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও স্মারকলিপিও দেয় তারা।
ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সাধারণ শিক্ষার্থীরা এসব বিক্ষোভ মিছিলে যোগ দেয়। বিক্ষোভ-সমাবেশ শেষে একজোট হয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয় সংগঠনগুলো।
এদিকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করায় কলেজে শিক্ষা কার্যক্রম কার্যত বন্ধ ছিলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে ।
দীপ কেন্দ্র নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসের ভিতরে অবস্থিত অধ্যক্ষের বাসভবনে খাওয়া-দাওয়া শেষে বারান্দায় পায়চারী করার সময় তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।
আগের দিন সকালে শিবিরের ৬০ থেকে ৭০ জন নেতা-কর্মী অধ্যক্ষের দপ্তরে গিয়ে তাকে হত্যার হুমকি দেয়।
এ ঘটনায় অধ্যক্ষ বাদি হয়ে কোতোয়ালি থানায় শিবিরের কয়েকজন নেতার নাম উল্লেখ করে মামলা করেন। তার ধারণা, শিবিরকর্মীরাই ওই হামলা চালিয়েছে।
কোতোয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোষীদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24