ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের সব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারা বজায় রাখতে ছাত্র সংসদ কার্যকরের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রোববার সংসদ অধিবেশনে নাটোর-৩ আসনের সাংসদ জুনাইদ আহমেদ পলকের প্রশ্নের লিখিত জবাবে এ কথা বলেন তিনি।
বিকাল ৫টা ২০ মিনিটের পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
শিক্ষামন্ত্রী জানান, দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোয় অতীতে যেমন ছাত্র সংসদ কার্যকর ছিল তেমনি বর্তমানেও বেশ কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতির এক গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। বায়ান্নের ভাষা আন্দোলন থেকে ৭১ এর স্বাধীনতা অর্জন, পরবর্তীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতন ঘটিয়ে গণতন্ত্রের বিজয় অর্জনে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮১৫ ঘ.
bdnews24