২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর মেডিক্যাল কলেজে ভাংচুর

দিনাজপুর মেডিক্যাল কলেজ অধ্যক্ষের কার্যালয়ে বুধবার সকালে অজ্ঞাত পরিচয় একদল যুবক ভাংচুর চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

দিনাজপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর মেডিক্যাল কলেজ অধ্যক্ষের কার্যালয়ে বুধবার সকালে অজ্ঞাত পরিচয় একদল যুবক ভাংচুর চালিয়েছে। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন-বিএমএ নির্বাচন নিয়ে এ হামলা হয়ে থাকতে পারে বলে দাবি করছেন অধ্যক্ষ। তবে বিএমএ কর্তৃপক্ষ বলছে, কলেজে কর্মচারী নিয়োগ নিয়ে হামলা হয়ে থাকতে পারে। বিএমএ'র দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. আহাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে ২০/২৫ জন বহিরাগত যুবক অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে তাকে খুঁজতে থাকে। ওই সময় তিনি কার্যালয়ে ছিলেন না। উপস্থিত ছিলেন তিনি নিজে (আহাদ আলী) ও ডা. মওদুদ হোসেন আলমগীরসহ ৩/৪ জন শিক্ষক। হামলাকারীরা কিছু না বলেই আসবাবপত্র ভাংচুর করে চলে যায়। ডা. আহাদ আলী আরো বলেন, ভাংচুরের সঙ্গে দিনাজপুর মেডিক্যাল কলেজে কর্মচারী নিয়োগের কোনো যোগসূত্র থাকতে পারে। তবে অধ্যক্ষ অধ্যাপক ডা. হামিদুল হক খন্দকার কর্মচারী নিয়োগের সঙ্গে হামলার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। তিনি বলেন, ২৪ মে কলেজে ২৮ জন এমএলএসএস এবং আয়া নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ব্যাপারে এতদিনে কেউ কোনো কথা বলেনি। অধ্যক্ষ দাবি করেন, "হামলাকারীরা বিএমএ-এর ৩ জুন অনুষ্ঠিতব্য জেলা সম্মেলনকে কেন্দ্র করেই হামলা করেছে।" এ ব্যাপারে ডা. আহাদ আলী বলেন, বিএমএ সম্মেলনে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানকে প্রধান অতিথি, সাংসদ খালিদ মাহামুদ চৌধুরী ও ইকবালুর রহিমকে বিশেষ অতিথি করা হয়েছে। স্থানীয় সাংসদ ইকবালুর রহিমের সঙ্গে আলোচনা করেই সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তাই সম্মেলনের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে বলে মনে হচ্ছে না। এদিকে কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী সুজন বসাক, সুশান্ত নন্দীসহ আরো কয়েকজন জানান, হামলাকারীরা বারবার নিয়োগের বিষয়টি তুলে গালাগাল দিচ্ছিল। হামলাকারীরা প্রায় ১০ মিনিট অবস্থানকালে অধ্যক্ষের কার্যালয়ে টেবিল-চেয়ার, দু'টি টেলিভিশন, কম্পিউটার, টেলিফোনসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। হামলা ও ভাংচুরের বিষয়টি একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা হবে। থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও অধ্যক্ষ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৩ ঘ.