চট্টগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ ছাত্র সংগঠনগুলোর 'নিয়মতান্ত্রিক' আন্দোলনের পক্ষে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চবি উপাচার্যের সভাকক্ষে 'উদ্ভূত পরিস্থিতি' পর্যালোচনায় জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে চবি'র প্রক্টর ড. আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্র সংগঠনগুলোকে নিয়মতান্ত্রিকভাবে নির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে যৌক্তিক আন্দোলনের পথ বেছে নিতে হবে। সভার এ সিদ্ধান্ত ছাত্র সংগঠনগুলোকে জানানো হবে।"
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সোমবার শাটল ট্রেন ও শিক্ষক বাসে হামলা-ভাংচুরের ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
আকতার হোসেন বলেন, "পরবর্তী সময়ে দাবি আদায়ের নামে কেউ কোনো ধরণের ভাঙচুর করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা সহজভাবে মেনে নেবে না।"
চবি ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুজ্জামান ইমনের নেতৃত্বাধীন ছাত্রলীগের একাংশ ছয় দফা দাবিতে গত শনিবার রাতে চবিতে অবিরাম অবরোধের ডাক দেয়।
সোমবার সকালে শাটল ট্রেন ও শিক্ষক বাসে হামলা চালায় অজ্ঞাতনামারা। এরপর বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
সোমবার রাতে নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও ছাত্রলীগের অবরোধকারী অংশের সঙ্গে বৈঠক করে চবি প্রশাসন।
চার দফা দাবি বিবেচনায় বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের আশ্বাসের পর সোমবার রাত ১০টায় অবরোধ স্থগিত করে ছাত্রলীগের অবরোধকারী অংশ।
ওইদিন বিকালে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে তা আবার প্রত্যাহার করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/১৮৫২ ঘ.
bdnews24