ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের এসএসসি পরীক্ষায় বিভাগ ভিত্তিক ফলাফলে অন্য দুটি বিভাগের তুলনায় বিজ্ঞানে উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুই-ই বেশি।
এবার সর্বমোট ২ লাখ ১৬ হাজার ১৬৪ জন বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণের হার ৯০ দশমিক ৭৬ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ৫০ হাজার ১০৯ জন।
মানবিক বিভাগ থেকে ৪ লাখ ১৮ হাজার ৭৭০ জন অংশ নিলেও পাশের হার ৭৪ দশমিক ১৯ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৯০ জন।
অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ লাখ ৫১ হাজার ৭১৬ জন অংশ নেয়। এ বিভাগে উত্তীর্ণের হার ৮৬ দশমিক ৩৭ এবং জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৯ জন।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে উত্তীর্ণের হার ঢাকা বোর্ডে ৮৪ দশমিক ৬৩, রাজশাহী বোর্ডে ৮০ দশমিক ৩২, কুমিল্লা বোর্ডে ৮৫ দশমিক ৮৫, যশোর বোর্ডে ৮৪ দশমিক ০৪, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৭, বরিশাল বোর্ডে ৭৮ দশমিক ৩০, সিলেট বোর্ডে ৮১ দশমিক ২৩ ও দিনাজপুর বোর্ডে ৭৭ দশমিক ৪৮ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৯৩৯ ঘ.
bdnews24