ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি পরীক্ষায় বিদেশের ৮টি কেন্দ্র থেকে ৫৯ জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে ২৬ জনই রিয়াদের বাংলাদেশ এম্বাসি স্কুলের শিক্ষার্থী।
বিদেশের এসব কেন্দ্র থেকে মোট ২৪৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ২৪৩ জন। উত্তীর্ণের হার ৯৮ দশমিক ৭৮।
ওই আটটি কেন্দ্র হলো- সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশ স্কুল, জেদ্দার তালি আল ফেরাক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ এম্বাসি স্কুল, ত্রিপোলি'র বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর উল হক মেমোরিয়াল হাই স্কুল, দুবাইয়ের শেখ খালিকা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া হাই স্কুল ও বাংলাদেশ ইসলামিয়া হাই স্কুল এবং মানামার বাহরাইনে বাংলাদেশ স্কুল।
বিদেশ কেন্দ্রগুলোর মধ্যে সবেচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে রিয়াদের বাংলাদেশ এম্বাসি স্কুল। এ স্কুল থেকে মোট ২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৮৩৭ ঘ.
bdnews24