২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে ভর্তি শতভাগে নেওয়াই লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার হার ৯৯ থেকে ১০০ শতাংশে উন্নীত করতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার হার ৯৯ থেকে ১০০ শতাংশে উন্নীত করতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শিক্ষাই দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার একমাত্র উপায়। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধি সম্মেলনে শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, "আমাদের স্কুলগুলোতে এখন এনরোলমেন্ট শতকরা ৯৯ ভাগ। এনরোলমেন্টের হার আরো উন্নত করাই আমাদের মূল লক্ষ্য।" বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কার্যক্রম জোরদার করতে স্কুল কমিটি, অভিভাবক ও বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "অন্যের সাহায্যে আর কতদিন? আত্মমর্যাদা নিয়ে চলতে গেলে নিজের ব্যবস্থা নিজেদেরই করতে হবে।" দেশের সব বিদ্যালয়ের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে কখনোই রাজনীতি আনিনি।" অনুষ্ঠানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, "অর্থমন্ত্রী দেশে ফিরলেই আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, "সরকার পরিবর্তনশীল। তাই সরকারের মুখাপেক্ষী না হয়ে, নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা আমরা আপনাদের করে দিতে চাই।" অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহের হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ এবং বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান পৃষ্ঠপোষক মহিউদ্দিন খান আলমগীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২০২৭ ঘ.