বরিশাল, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের আদেশ অমান্য করায় মুলাদী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বরিশালের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম খাদেমুল কায়েস বুধবার এ আদেশ দেন।
একটি সংঘর্ষের ঘটনা তদন্তে আদালতের নির্দেশ অমান্য করায় এ আদেশ দেওয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে একটি সংঘর্ষের ঘটনায় মুলাদী উপজেলার চর আলিমাবাদ গ্রামের কাঞ্চন মিয়া নামে এক ব্যক্তি আদালতে মামলা করেন।
মুলাদী থানা পুলিশ মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দিলে বাদী প্রতিবেদনের উপর না রাজি দেন। আদালত তা গ্রহণ করে মুলাদী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শাহজাহান তালুকদারকে বিষয়টি আবার তদন্তের নির্দেশ দেন।
কিন্তু দীর্ঘদিন তিনি তদন্ত কর্মকর্তা হিসেবে কোনো কাজ না করায় বাদী তা আদালতকে অবহিত করেন।
এর পরিপ্রেক্ষিতে হাকিম উপাধ্যক্ষকে কারণ দর্শনোর নোটিশ দিলে বিভিন্ন অজুহাতে তিনি সে আদেশও পালন করেননি।
সবশেষে আদালত বুধবার উপাধাক্ষ্যকে প্রতিবেদনসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
কিন্তু উপাধাক্ষ্য শাহজাহান তালুকদার প্রতিবেদন ছাড়া আদালতে হাজির হয়ে তদন্ত কর্মকর্তা হিসেবে অব্যাহতি চেয়ে ক্ষমা প্রার্থনা করেন।
তখন উপাধ্যক্ষ বিবাদীপক্ষের দ্বারা প্রবাবিত হয়েছে এমন অভিযোগ আনেন বাদীপক্ষের আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে হাকিম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৭ ঘ.
bdnews24