চট্টগ্রাম, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুইপক্ষে পাল্টাপাল্টি হামলার ঘটনায় সাত জনকে বহিষ্কারের দুই ঘণ্টা পর আবারো হামলার ঘটনা ঘটেছে।
হামলাকারীরা তিনজনকে কুপিয়ে জখম করেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোহাম্মদ আলাউদ্দিন রোববার সকালে সিন্ডিকেটের জরুরি সভা আহ্বান করেছেন বলে জানান সিন্ডিকেট সদস্য অধ্যাপক কামরুল হুদা।
বেলা ১১টায় উপাচার্যের দপ্তরে এই সভা হবে, বলেন তিনি।
শনিবার বিকাল পৌনে ৫টার দিকে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে বগি ভিত্তিক গ্র"প 'একাকার' সদস্যদের উপর হামলা চালায় অন্য দুই গ্র"প 'উল্কা' ও 'ড্রিম বয়েজ'-এর সদস্যরা।
এ তিনটি গ্র"প ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন চবি'র সহকারী প্রক্টর সাইদুল ইসলাম ও চবি শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন।
হামলায় তিন 'একাকার' সদস্য আহত হন। তারা হলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী তানজিব হোসেন, সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের জুবায়ের আহমেদ ও রিফাত বিন সাদিক।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিকাল ৪টার দিকে চবি ক্যাম্পাস স্টেশন থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্টেশনে এসে পৌঁছায়।
এসময় 'উল্কা' ও 'ড্রিম বয়েজে'র সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে আরেক বগি ভিত্তিক গ্র"প 'একাকার' সদস্যদের ধাওয়া করে এবং স্টেশন চত্বরে তিনজনকে কুপিয়ে আহত করে।
ধারালো অস্ত্রের আঘাতে আহত তিন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চবি শাটল ট্রেন চলাচলের পথে ষোলশহর রেল স্টেশন ও ক্যাম্পাস স্টেশন ছাড়া অন্য কোন স্টেশনে নিয়মিত পুলিশ প্রহরা নেই।
চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপ-পরিদর্শক মো. জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত তিন শিক্ষার্থী ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি আছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
চবি'র সহকারী প্রক্টর সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগি ভিত্তিক দুই গ্র"পের মিলিত হামলায় অন্য এক গ্র"পের তিন সদস্য আহত হয়েছে। তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
এদের মধ্যে তানজিব হোসেনের অবস্থা গুরুতর উল্লেখ করে প্রক্টর জানান, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
চবি শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন জানান, উল্কা ও ড্রিম বয়েজের হামলায় একাকার-এর তিন জন আহত হয়েছে। তিন গ্র"পই ছাত্রলীগের রাজনীতি করে।
এর আগে শুক্রবার বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বগি ভিত্তিক গ্র"প 'ভিএক্স'র সদস্যদের হামলায় 'সিএফসি'র তিন সদস্য আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত মেহরাবকে শুক্রবার বিকালে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার জের ধরে শনিবার সকালে ভিএক্স'র দুই সদস্যকে কুপিয়ে আহত করে সিএফসি'র সদস্যরা। এরপর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির সভায় এসব ঘটনায় জড়িত সাত শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জামাল উদ্দিন জানিয়েছেন, শুক্রবার বিকালের ঘটনায় আহত মেহরাব হোসেনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করানোর জন্য পাঠানো হয়েছে।
সিএফসি গ্র"পের নেতা চবি শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক মহসিন করিম রিয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেহরাবের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/কেএমএস/২২১৬ ঘ.
bdnews24