ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গবেষণাভিত্তিক মৌলিক প্রবন্ধ ও বই প্রকাশের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষককে 'ইউজিসি অ্যাওয়ার্ড' দেওয়া হয়েছে।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে প্রবন্ধের জন্য ২০ হাজার টাকা, বইয়ের জন্য ৩০ হাজার টাকা এবং সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।
পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষককে ২০০৮ ও ২০০৯ সালের পুরস্কার দেওয়া হয়।
২০০৮ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন- কলা ও মানবিক শাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ড. অসিত রায়, আইন ও শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট'র অধ্যাপক আবদুল মালেক, সমাজ বিজ্ঞানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রণব কুমার পাণ্ডে, জীববিজ্ঞানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ড. মোহাম্মদ কামরুল হুদা, রাসায়নিক বিজ্ঞানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের ড. মো. জসিম উদ্দিন, কৃষি বিজ্ঞানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের ড. মো. তোফাজ্জল ইসলাম, ভৌত ও গণিত বিজ্ঞানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ড. এ এ মামুন, প্রকৌশল ও প্রযুক্তিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. আলী আহম্মদ শওকত চৌধুরী এবং টেক্সট বুক-এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারী মেডিসিন বিভাগের ড. মো. আব্দুস সামাদ।
২০০৯ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন- আইন ও শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ড. রিদওয়ানুল হক, সমাজ বিজ্ঞানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ড. সায়ন চক্রবর্তী, রসায়ন বিজ্ঞানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ড. এম এনামউল্যা, কৃষি বিজ্ঞানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল নিউট্রিশন বিভাগের ড. খান মো. সাইফুল ইসলাম, ভৌত ও গণিত বিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো-স্টাটিসটিক্স এন্ড ইনফরমেশন বিভাগের ড. এম আতাহারুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তড়িৎ ও তড়িৎ প্রকৌশল বিভাগের ড. খায়রুল আলম, ক্লিনিক্যাল ও ফার্মাসিউটিক্যালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ড. মোহাম্মদ নাছির উদ্দিন, চিকিৎসা বিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের ড. মো. আনোয়ার হোসেন, টেক্সট বুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট'র ড. দিবা হোসেন এবং রেফারেন্স বুক বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাটিসটিক্স বায়ো-স্টাটিসটিক্স এন্ড ইনফরমেশন বিভাগের ড. এম আতাহারুল ইসলাম।
ইউজিসি ১৯৮০ সাল থেকে গবেষণা কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দিচ্ছে।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ড. আনিসুজ্জামান বলেন, "বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান দায়িত্ব হলো নতুন জ্ঞান সৃষ্টি করা। এ দায়িত্ব পালন না করতে পারলে আমরা ব্যর্থ হব।"
"বর্তমানে অনেক শিক্ষকই পদোন্নতি লাভের জন্য গবেষণা করছেন।"
অর্থমন্ত্রী বলেন, "ইউজিসির অধীনে গবেষণা করার জন্য একটি 'এনরোলমেন্ট ফান্ড' গঠন করা যেতে পারে।"
বিভিন্ন ব্যক্তি এ ফান্ডে অনুদান দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউজিসির সদস্য এম মহিবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০৫৪ ঘ.
bdnews24