২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসিতে প্রশ্নপত্র বিতরণে দেরি: তদন্ত কমিটি

চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান প্রথম পর্বের ইংরেজি প্রশ্নপত্র এক ঘণ্টা দেরিতে বিতরণের ঘটনায় তদন্ত কমিটি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান প্রথম পর্বের ইংরেজি প্রশ্নপত্র এক ঘণ্টা দেরিতে বিতরণের ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। সোমবার বিকালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পক্ষ থেকে দুই সদস্যের এই কমিটি করা হয়। কমিটি সদস্যরা হলেন- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের হিসাব নিরীক্ষণ কর্মকর্তা একেএম ইকবাল হোসেন ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (কলেজ শাখা) ইলিয়াস উদ্দিন। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নুরুল হুদা বলেন, "তদন্ত কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।" এইচএসসিতে পদার্থ বিজ্ঞান প্রথম পর্বের পরীক্ষা হয় রোববার। নগরীর হাজী মোহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে ৭৭ জন পরীক্ষার্থী ইংরেজি সংস্করণের প্রশ্নপত্র এক ঘণ্টা দেরিতে পায় বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। রোববার বিকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পিযূষ দত্তের কাছে নগরীর বিভিন্ন ইংলিশ মাধ্যম স্কুলের ছয়জন অভিভাবক এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। পিযূষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২১৫৩ ঘ.