২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদার্থবিদ্যা ইংরেজি প্রশ্নপত্র দেরিতে বিতরণের অভিযোগ

নগরীর হাজী মোহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞান প্রথম পর্বের পরীক্ষায় ইংরেজি সংস্করণের প্রশ্নপত্র এক ঘন্টা দেরিতে বিতরণ করা হয় বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 05:04 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর হাজী মোহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞান প্রথম পর্বের পরীক্ষায় ইংরেজি সংস্করণের প্রশ্নপত্র এক ঘন্টা দেরিতে বিতরণ করা হয় বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। এ বিষয়ে রোববার বিকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পিযূষ দত্ত বরাবর নগরীর বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের ছয়জন অভিভাবক তাদের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পেশ করেন। অভিযোগপত্র গ্রহণের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন ড. পিযূষ দত্ত। ২০০৯-'১০ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ৫ এপ্রিল। রোববার সকাল ১০ টায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। অভিযোগকারী ছয় অভিভাবকের একজন সৈয়দ ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইংরেজি সংস্করণের প্রশ্নপত্র একঘন্টা পরে দেওয়া হয়। কিন্তু ২ ঘন্টা পাঁচ মিনিট পর শিক্ষার্থীদের কাছ থেকে খাতা জমা নেওয়া হয়। ফলে ওই শিক্ষার্থীরা সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। 'এতে পরীক্ষার্থীদের ফল বিপর্যয়ের হতে পারে' বলে তিনি আশংকা প্রকাশ করেন। ড.পিযূষ দত্ত জানান, মহসিন কলেজ কেন্দ্রে নগরীর সরকারি ও বেসরকারি আটটি কলেজের মোট এক হাজার সাতশ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ৭৭ জন ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থী। মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোফরানের বরাত দিয়ে পিযূষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলা সংস্করণের প্রশ্নপত্র ঠিক সময়ে আসলেও ইংরেজি সংস্কণের প্রশ্নপত্র ৩০ মিনিট পরে কেন্দ্রে এসে পৌঁছে।" অধ্যাপক গোফরানের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল ফেনে অনেকবার কল করেও তা বন্ধ পাওয়া যায়। অভিভাবকদের অভিযোগের বিষয়ে পিযূষ বলেন, "পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন আমাদের কী করার আছে?" এ বিষয়ে সোমবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুুরুল হুদাসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসবেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এইচএ/২২৫০ ঘ.