রাজশাহী, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১৮ এপ্রিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) খুলছে।
মঙ্গলবার বিকালে রুয়েটের একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৭ এপ্রিল সকাল ১০টায় সব আবাসিক হল খুলে দেওয়া হবে। ১৮ এপ্রিল থেকে যথারীতি ক্লাশ চলবে। খোলার দিন সব শিক্ষার্থীকে ক্লাশে উপস্থিত থাকারও নির্দেশ দেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভায় উপ-উপাচার্য অধ্যাপক মো. মুর্তজা আলী, ছাত্রকল্যাণ পরিচালক শামিমুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ওয়াজিহার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৩ ফেব্র"য়ারি অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ও এলাকাবাসীর সঙ্গে রুয়েট ছাত্রদের সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯১৬ ঘ.
bdnews24