২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আলো-বাতাসের জন্য' চবি'র ১০ গাছ কাটা

'আলো-বাতাস চলাচলে প্রতিবন্ধকতা' সৃষ্টি করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি হল-সংলগ্ন দুটি গাছ কেটেছে চবি কর্তৃপক্ষা। কাটা হবে আরো আটটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

চট্টগ্রাম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'আলো-বাতাস চলাচলে প্রতিবন্ধকতা' সৃষ্টি করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি হল-সংলগ্ন দুটি গাছ কেটেছে চবি কর্তৃপক্ষা। কাটা হবে আরো আটটি। গাছগুলো সব শাহ আমানত হল সংলগ্ন। সোমবার দুপুরে একটি বড় ঝাউ গাছ কাটা হয়। শনিবার আরো একটি গাছ কাটা হয়েছিল। কয়েকদিনের মধ্যে বাকি আটটি গাছ কাটারও প্রস্তুতি নেওয়া হয়েছে। সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা কুড়াল ও করাত ব্যবহার করে দুইটি গাছ কেটে ফেলে রেখেছে। কাটার জন্য বাকি আটটি গাছও লাল রঙ দিয়ে চিহ্নিত করা আছে। দুটি গাছ কাটার সময়ই শাহ আমানত হলের আবাসিক শিক্ষার্থীরা বাধা দেয়। হলটির আবাসিক শিক্ষার্থী দেলোয়ার হোসেন ও রাকিব নিয়াজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০টি গাছ নিলামে বিক্রির জন্য হলের নোটিশ বোর্ডে ৩১ মার্চ শেষ সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ বিজ্ঞপ্তির ভিত্তিতে গাছ বিক্রির পর এখন গাছ কাটা হচ্ছে। হল সংলগ্ন গাছ কাটার বিষয়ে চবি'র ইনিস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড ভায়রনমেন্টাল সায়েন্সেসের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনকে প্রধান করে একটি কমিটি করেছিল প্রশাসন। কমিটির প্রধান জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহ আমানত হল ঘেঁষে এই গাছগুলো থাকায় হলের ভেতরে আলো-বাতাসের স্বল্পতা দেখা দিয়েছে। আলো-বাতাস চলাচলে প্রতিবন্ধকতা অপসারণে গাছগুলো কাটা হচ্ছে। গাছ গুলো 'প্রাপ্ত বয়স্ক' এবং চবি কর্তৃপক্ষের নির্দেশে কাটা হচ্ছে বলে জানান তিনি। "নিলামের মাধ্যমে এক লাখ ৬৭ হাজার টাকায় গাছ ১০টি বিক্রি করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২০০৩ ঘ.