২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি প্রাথমিকের শিক্ষক বাছাই পরীক্ষা স্থগিত

মামলার কারণে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাছাই পরীক্ষা স্থগিত করা হয়েছে। চলতি মাসে প্রথমবারের মতো এ পরীক্ষা হওয়ার কথা ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলার কারণে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাছাই পরীক্ষা স্থগিত করা হয়েছে। চলতি মাসে প্রথমবারের মতো এ পরীক্ষা হওয়ার কথা ছিলো। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক শ্যামল কান্তি ঘোষ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত জানুয়ারি মাসে এ পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে চলতি মাসে পরীক্ষা অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু একটি স্কুলের পরিচালনা পর্ষদের রিট আবেদনের কারণে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে ২০ হাজার নিবন্ধিত (রেজিস্টার্ড) বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৮ লাখ। এ পরীক্ষার মাধ্যমে চলতি বছর এসব স্কুলের জন্য প্রায় পাঁচ হাজার শিক্ষক নেওয়ার কথা ছিলো। আগে প্রত্যেক স্কুলের পরিচালনা পর্ষদ (ম্যানেজম্যান্ট কমিটি) নিজেদের ব্যবস্থাপনায় শিক্ষক নিয়োগ দিলেও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং শিক্ষকদের যোগ্যতা নিশ্চিত করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এ বছর কেন্দ্রীয়ভাবে এ পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেয়। সিদ্ধান্ত হয়, জেলা পর্যায়ে লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে উত্তীর্ণদের তালিকা জেলা প্রশাসক ও উপজেলা কার্যালয়ে রাখা হবে। ওই তালিকা থেকেই স্কুলের পরিচালনা পর্ষদ শিক্ষক নিয়োগ দেবে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, জেলাভিত্তিক বাছাই পরীক্ষা নেওয়ার জন্য জানুয়ারি মাসের প্রথম দিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু রাজবাড়ির একটি স্কুলের পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট আবেদন করে। এ কারণে পরীক্ষার তারিখ ঘোষণা না করে তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় অধিদপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/২১৩১ ঘ.