চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছিনতাইকারী সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে (৩০) শিক্ষার্থীরা আটক করে চবি পুলিশ ফাঁড়িতে সোপর্দ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের বাদশা মিয়ার ছেলে।
চবি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত মাসে কলা অনুষদ সংলগ্ন পাহাড়ে বেড়াতে যাওয়া দুই শিক্ষার্থীর মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় কয়েকজন ছিনতাইকারী। ধারণা করা হচ্ছে জাহাঙ্গীর ওই দলের সদস্য।
এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে হাটহাজারী থানায় একটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/কিউএইচ/আরএ/১৪৪৩ ঘ.
bdnews24