২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন

নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ শনিবার সন্ধ্যায় ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে 'মুক্তিযুদ্ধ ও রবীন্দ্রসংগীত' শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ ও অর্থনীতিতে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে হবে।" তিনি বলেন, "কবি রবীন্দ্রনাথের দেশাত্ববোধের চেতনা সমৃদ্ধ লেখালেখির কারণে পাকিস্তান আমলে বিভিন্ন সময় তার লেখাকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পাকিস্তানিরা মানুষের মন থেকে এগুলোকে মুছে দিতে পারেনি। তার লেখা নিষিদ্ধ করার পরও এই পূর্ববঙ্গে সচেতন নাগরিকরা রবীন্দ্র সংগীত সম্মেলনের আয়োজন করেছিলেন।" অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন বলেন, "পাকিস্তানিরা রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেছিল। কিন্তু তার লেখালেখিকে ম্লান করে দিতে কোনোভাবেই সক্ষম হয়নি তারা।" সংগীত বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক কুহেলী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগীতশিল্পী ও গবেষক ড. সাইম রানা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক মৃদুল কান্তি চক্রবর্তী ও অনুষ্ঠানের আহ্বায়ক শাহনাজ নাসরীন ইলা। পরে সংগীতানুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ও বরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এদিকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জহুরুল হক হলে শহীদ ছাত্র ও কর্মচারীদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অনেক আলোকচিত্র স্থান পায় এ প্রদর্শনীতে। ২৮ মার্চ পর্যন্ত এ প্রদর্শনী চলবে। দুপুর ১২টার দিকে জহুরুল হক হলের পত্রিকা কক্ষে প্রদর্শনীর উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক আবু মোহাম্মাদ দেলোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "একাত্তরে ২৫ মার্চ বর্তমান জহুরুল হক হল তৎকালীন ইকবাল হল থেকেই শুরু হয় পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। বর্তমান সময়ের ছাত্ররা এ প্রদর্শনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের সচিত্র ইতিহাস জানতে সক্ষম হবে।" প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শণার্থীদের জন্য খোলা থাকবে এ প্রদর্শনী। এদিকে ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে প্রতিটি হল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২৩৯ ঘ.