ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- ছাত্রদলের কর্মসূচিতে অংশ নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাঁচ ছাত্রদলর্কর্মীকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ফরহাদুল আলম (আরবী ৩য় বর্ষ), আরিফুল ইসলাম (ইসলামের ইতিহাস ২য় বর্ষ), শরীফ আহমেদ (রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ), আজহারুল ইসলাম (পালি ২য় বর্ষ) ও গোলাম মোস্তফা (ইসলামের ইতিহাস ২য় বর্ষ)।
আহত ছাত্রদল কর্মীরা জানান, তারা বৃহস্পতিবার বিকালে বিএনপির সমাবেশে যোগ দেন। এ কথা জানতে পেরে রাত ৩টার দিকে বঙ্গবন্ধু হলের ২১২ নং কক্ষে তাদের ডেকে নেওয়া হয়।
তারা ওই কক্ষে গেলে ইকবাল, মুনতাসির, ইলিয়াস, জহির, রাব্বানীসহ ছাত্রলীগের ১০/১২ জন কর্মী লোহার রড, হকিস্টিক ও ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে তাদেরকে হল থেকে বের করে দেয়।
ছাত্রলীগ কর্মীরা তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে ছাত্রদলের ঢাবি শাখার যুগ্ম-আহ্বায়ক ওবায়দুল হক নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র হওয়া সত্ত্বেও তাদেরকে পিটিয়ে ন্যাক্কারজনক কাজ করেছে ছাত্রলীগ। আমরা প্রশাসনের কাছে এ হামলার বিচার দাবি করছি।"
বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের নেতা শাহিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হলের ভেতরে এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪৫২ ঘ.
bdnews24