২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার

দাবি বিবেচনার আশ্বাস পেয়ে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্সের শিক্ষার্থীরা অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

টাঙ্গাইল, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি বিবেচনার আশ্বাস পেয়ে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্সের শিক্ষার্থীরা অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিএসসি অনার্স ডিগ্রিকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে পরিবর্তনের দাবিতে রোববার থেকে তারা আমরণ অনশন করে আসছে। শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে তিন সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন রিভিউ কমিটির সুপারিশের মাধ্যমে দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উপাচার্যের উপস্থিতিতে রাশেদ খান মেনন টেলিকনফারেন্সের মাধ্যমে ছাত্রদের দাবির বিষয়ে ঘোষণা দেন। এরপর ৭টা ১০ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. নূরুল ইসলাম, উপ-উপাচার্য ড. মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক শিক্ষাথীদের ফলের রস পান করিয়ে অনশন ভাঙান। ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের এই আমরণ অনশনের তৃতীয় দিন মঙ্গলবার ২০ জন অসুস্থ হয়েছে। এনিয়ে মোট ৩৩ জন অসুস্থ হলো। অনশনস্থলে দায়িত্বপালনরত জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. সন্তোষ কুমার সাহা বলেন, সোমবার রাত থেকে অসুস্থ নোমান মাহমুদ, নিশাত, জেসান মাহমুদ, মঞ্জুরুল ইসলাম, বিপ্লব ও সুব্রত কর্মকারকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মো. আখতারুজ্জামান শোভন, মাহমুদুল এমরান, তানভীর আলী তমাল, গনেশ ভক্ত, মাহমুদুল হাসান, মাহফুজুল হক সনি, ফেরদৌস আল আমিন, কাওসারুল আলম মানিক, হুসাইন মাহমুদ, শামসুল হক, শামীম আল মামুন, শাহ আলম, মো. মনিরুজ্জামান ও শিপলুকে স্যালাইন দেওয়া হয়েছে। প্রথমদিন অসুস্থ মনিরুজ্জামান, সোহেল রানা ও আতিক রহমান হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পুনরায় অনশনে গেলে আবার অসুস্থ হয়। তাদের আবারো হাসপাতালে পাঠানো হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের অর্ধশতাধিক ছাত্র অনশনরদের সঙ্গে সংহতি প্রকাশ করে বেলা দেড়টার দিকে শহরের নিরালার মোড়ে ১৫ মিনিট মানববন্ধন করে । গত বছরের ১২ জুলাই ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীরা ডিগ্রি পরিবর্তনের দাবি জানিয়ে উপাচার্যকে একটি স্মারকলিপি দেয়। এরপর শুরু করে আন্দোলন। পরে তারা শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও স্মারকলিপি দেয়। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সিদ্ধান্ত নেয়- মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রণীত কারিকুলাম ও পাঠ্যক্রম অনুসারে বর্তমানে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধীনে যে ডিগ্রি বিদ্যমান রয়েছে তা অপরিপরিবর্তিত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.