টাঙ্গাইল, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিগ্রি নিয়ে অসেন্তাষ থেকে অনশন শুরু করেছে টাঙ্গাইল মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীরা।
বিভাগের বিদ্যমান অনার্স ডিগ্রিকে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিতে পরিবর্তনের দাবি জানাচ্ছে তারা। এ দাবিতে রোববার সকাল ১০টায় টাঙ্গাইল শহীদ মিনারে তারা অনশন শুরু করে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছে তারা।
এসব শিক্ষার্থী গত বছর থেকে একই দাবিতে আন্দোলন করে আসছে। এ নিয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নয় জন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারও করা হয় ।
বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল হাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৫ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে কোনো সমাধান দিতে না পারায় সেদিন শিক্ষার্থীরা স্থানীয় শহীদ মিনারে প্রতীকী অনশন করে এবং দাবি বাস্তবায়ন না হলে ২০ মার্চ থেকে আমরণ অনশনের ঘোষণা দেয়।
ওই ঘোষণা অনুযায়ী রোববার কর্মসূচি শুরু হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ফুড টেকনোলজি বিভাগের ডিগ্রি পরিবর্তনের বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার এক পর্যায়ে তারা বৈঠক ত্যাগ করে। পরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে গত ১৬ মার্চ থেকে ওই বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়।
আন্দোলনের কারণে এর আগে গত ২১ সেপ্টেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ফুড টেকনোলজি বিভাগ বন্ধ থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৯৩০ ঘ.
bdnews24