চট্টগ্রাম, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষ ও দুই জন ছুরিকাহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে তিন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক ছাত্ররা হলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের রাহাত হোসেন হিমেল, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের কুতুব উদ্দিন ভূঁইয়া ও রসায়ন বিভাগের নেহাল হোসেন।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক আতিক হোসেনের নেতৃত্বে শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন 'ভিএক্স' গ্র"পের সদস্য এবং ছাত্রলীগের কর্মী।
হাটহাজারী থানার উপ পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাতের সংঘর্ষের ঘটনায় রাহাত, কুতুব ও নেহালকে আটক করা হয়েছে।"
শাটল ট্রেনের বগিভিত্তিক গ্র"প 'সিএফসি' ও 'ভিএক্স' এর সদস্যদের মধ্যে বুধবার বিকালে সংঘর্ষে একজন আহত ও চারজন লাঞ্ছিত হন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের সমর্থকরা। এ সময় দুই ছাত্রলীগ কর্মী ছুরিকাহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০১২ ঘ.
bdnews24