২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় বুয়েটের ২ ছাত্র আহত

একদল ছাত্রের হামলায় সোমবার রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই ছাত্র আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 06:51 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদল ছাত্রের হামলায় সোমবার রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই ছাত্র আহত হয়েছেন। আহতরা হলেন- কম্পিউটার বিজ্ঞান শেষ বর্ষের গৌতম কুমার দে (২৪) ও নৌ-যন্ত্রকৌশল শেষ বর্ষের মামুন মোর্শেদ খান (২৩)। আহতরা বুয়েটের ড. এম এ রশীদ হলে থাকেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢামেক প্রতিনিধি। এর মধ্যে গৌতমের মাথায় আঘাত লেগেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, আহতদের দেখতে রাতেই বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম হাসপাতালে যান। গৌতম সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বুয়েট শাখার আহ্বায়ক এবং মামুন সদস্য বলে জানিয়েছেন সংগঠনটির আরেক কর্মী জয় ভট্টাচার্য। প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, রাত পৌনে ১১টার দিক এ দু'জন আহসানউল্লাহ হলের ক্যান্টিনে খেতে গেলে 'ছাত্রলীগকর্মী' রনকের নেতৃত্বে সুমন, রানা, মাসুম, মম, লিমন, মোকাম্মেলসহ ১০/১২ জন রড, হকিস্টিক নিয়ে হামলা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি রাত সাড়ে ১২টায় জানান, এ ঘটনার প্রতিবাদে হাসপাতলে বুয়েটের ৫০/৬০ জন ছাত্র ছাত্রলীগ বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। তারা এ ঘটনার জন্য ছাত্রলীগের সমর্থকদের দায়ী করে তাদের বিচার দাবি করে। ছাত্রফ্রন্টের কর্মীরা সপ্তাহখানেক আগে বুয়েট ক্যাফেটেরিয়ায় 'টেন্ডারবাজি ও চাঁদাবাজিবিরোধী' পোস্টার লাগায়। এর জের ধরে বুয়েট শাখা ছাত্রলীগের কর্মীরা শনিবার দুপুরে ক্যফেটেরিয়ায় গিয়ে ছাত্রফ্রন্ট নেতা-কর্মীদের মারধর করে। ওইদিনও বুয়েট শাখা ছাত্রফ্রন্টের আহ্বায়ক গৌতম দে এবং সদস্য মুনিম বিন গণি, জয় ভট্টাচার্য ও রাজন হক আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০৪৫ ঘ.