২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর ঢাকা শিক্ষক প্রশিক্ষণ কলেজ বন্ধ

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ এবং ছাত্রবাসে ভাংচুরের ঘটনায় ঢাকা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় (টিটিসি) বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 09:52 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ এবং ছাত্রবাসে ভাংচুরের ঘটনায় ঢাকা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় (টিটিসি) বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ছাত্রদের সোমবার সন্ধ্যা ৭টা এবং ছাত্রীদের মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দিয়ে মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করেছে কর্তৃপক্ষ। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৬ জন। সাতজনকে আটক করেছে পুলিশ। শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। এ জন্য কয়েকটি খেলার আগাম প্রস্তুতি চলছিল। সোমবার সকালে লংজাম্প ইভেন্টে নাম দেওয়া নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। শিক্ষকরা তাৎক্ষণিকভাবে মিটমাট করে দিলেও পরে এর জের ধরেই সংঘর্ষ বাঁধে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের ঘটনার জের ধরে বেলা ১১টার দিকে নাবিদ ও সবুজ গ্র"প নামে পরিচিতি ছাত্রলীগের দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। তারা ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ ভাংচুরও করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কবির হোসেন, গৌরব চাকমা, শিশির, বিল্লাল, দিপু এবং খুশবু নামের ৬ শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে কবির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ পরিচয়ধারী দুই গ্র"পের মধ্যে সংঘর্ঘ হয়। তারা ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষের জানালা, দরজা, কম্পিউটার, চেয়ার, টেবিল ভাংচুর করে। পরে পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যায়।" এ সময় পুলিশ সাতজনকে আটক করে বলে নুরুল ইসলাম জানান। এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ মো. শফিকুর রহমান বলেন, বর্তমানে মহাবিদ্যালয়ে কোনো সংগঠনের কমিটি নেই। ফলে যারা মারামারি করেছেন, তাদের সাংগঠনিক পরিচয় কলেজ কর্তৃপক্ষের জানা নেই। তিনি বলেন, "ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করে বৃহস্পতিবার পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ছাত্রদের সোমবার সন্ধ্যা ৭টা এবং ছাত্রীদের মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।" নিউমার্কেট থানার উপ পরিদর্শক এহসানুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এমআই/জেকে/১৮৪৫ ঘ.