নাটোর, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাইম স্কেল পুনর্বহালের দাবিতে রোববার নাটোরের বাগাতিপাড়া উপজেলার ১৫টি বেসরকারি কলেজের শিক্ষকরা বিক্ষোভ-সমাবেশ করেছেন।
বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. নূরুল ইসলাম।
পরে উপজেলা নির্বাহী অফিসার ইয়ামিন খানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
এর আগে বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পৃথিবীর কোনো দেশে কোনো পেশাজীবির বেতন কমে যাওয়ার নজির নেই। বর্তমান সরকার শিক্ষকদের টাইমস্কেল বন্ধ করে ইতিহাস সৃষ্টি করেছে।
অবিলম্বে টাইম স্কেল পুনর্বহালের দাবি জানান তারা। অন্যথায় শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে সমাবেশ থেকে হুঁশিয়ার করে দেওয়া হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক হাফিজুর রহমান, ফারুক বিশ্বাস, আব্দুর রব, আব্দুস সালাম, তোজাম্মেল হক ও নাজমুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২২৬ ঘ.
bdnews24