ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র নিহত হওয়ার জেরে রাজধানীতে রোববার বাস শ্রমিকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।
শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, গাড়ি ভাঙচুরের ঘটনা ও রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদি হয়ে মামলা দুটি করেছে।
প্রত্যেক মামলায় একশ থেকে দেড়শ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এদিকে রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও একটি মামলা করার সিদ্ধান্ত হয়েছে।
তবে রোববার রাত পৌনে ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি বলে জানান ওসি।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে মতিঝিলে আরবি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে হিমালয় পরিবহনের কর্মীদের সংঘর্ষে রেজোয়ানসহ চার ছাত্র আহত হয়। রাত আড়াইটার দিকে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে রেজোয়ান মারা যান।
পুলিশ বলছে, শনিবার রাতে সংঘর্ষের সময় দৌড়ে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় আহত হন রেজোয়ান। তবে শিক্ষার্থীদের দাবি, রেজোয়ানকে ট্রাকের নিচে ফেলে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এএল/পিডি/২২১২ ঘ.
bdnews24