২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরপত্র জালিয়াতি: চট্টগ্রাম বোর্ডের তিন কর্মী গ্রেপ্তার

এসএসসি পরীক্ষার উত্তরপত্র জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তিন কর্মচারীকে পুলিশে দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 04:47 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি পরীক্ষার উত্তরপত্র জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তিন কর্মচারীকে পুলিশে দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এরা হলেন- চতুর্থ শ্রেণীর কর্মচারী আশানুর মোল্লা, ড্যাটা এন্ট্রি অপারেটর মহসিন পাটোয়ারি এবং স্ক্যানিং অপারেটর ফখরুজ্জামান ভূঁইয়া ওরফে সুমন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হুদা সাংবাদিকদের বলেন, "দুই এসএসসি শিক্ষার্থীর নৈর্ব্যত্তিক উত্তর পত্রের মূল কপিগুলো সরিয়ে সেখানে নতুন করে অন্য দুটি উত্তরপত্র বসানোর সময় হাতেনাতে ধরা পড়ে ফখরুজ্জামান। পরে জিজ্ঞাসাবাদে অন্য দুইজনের নাম চলে আসে। তাই আমরা তিনজনকে পুলিশে সোপর্দ করেছি।" এ ঘটনায় বোর্ডের স্থায়ী কর্মচারী আশানুর মোল্লাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান। বুধবার রাতে এ তিন জনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বিকালে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচলাইশ থানা পুলিশ। আদালত তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) তসলিমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ বাদী হয়ে ওই তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।" ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, উত্তরপত্র জালিয়াতির অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। ১০ দিনের মধ্যে কমিটি এ বিষয়ে প্রতিবেদন দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২২৪৫ ঘ.