২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুরী কমিশন ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ কর্মশালা

বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সম্পর্ক জোরালো করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে দু'দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 11:42 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সম্পর্ক জোরালো করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে দু'দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বুধবার হোটেল সোনারগাঁয়ে 'উচ্চশিক্ষায় গুণগত মানের নিশ্চয়তা ও বর্ধন: যুক্তরাজ্যের অভিজ্ঞতা ও বাংলাদেশে তার সম্ভাব্য প্রয়োগ' শীর্ষক দু'দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়। ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইন রিসার্চ অ্যান্ড এডুকেশন (ইন্সপায়ার) প্রকল্পের অধীনে এ কর্মশালা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সরকার উচ্চশিক্ষাকে বিশ্বমানে উন্নীত করার জন্য বদ্ধ পরিকর। এ লক্ষ্যে এ কর্মশালা সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বলেন, সরকার একটি সমন্বিত শিক্ষানীতির মাধ্যমে ২০১৪ সালের মধ্যে 'সবার জন্য শিক্ষা' কর্মসূচীর সাথে মানসম্মত শিক্ষা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে। অর্থ সেখানে একটি বড় বাধা হলেও সরকার এ বিষয়ে সমস্যা মোকাবেলায় আন্তরিক। উচ্চশিক্ষার স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার কথা বলেন তিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ না মেনে চললে সরকার ঘোষিত পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। এ কর্মশালায় পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক এবং উচ্চ শিক্ষা সংশ্লিষ্ট মোট ৬০ জন অংশ নিচ্ছেন। যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের এমেরিটাস অধ্যাপক ড. রবার্ট ইউলিয়াম মান এ কর্মশালার মূল বক্তা। কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মঞ্জুরী কমিশনের সচিব মো. খালেদ, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক চার্লস নাটাল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৭৩৫ ঘ.