ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ৪২ হাজার ৬৪১ জন পরীক্ষার্থী পাস করেছে। গড় পাসের হার ১৯ দশমিক ৩৪ শতাংশ।
বুধবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ফল ঘোষণা করেন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং মোবাইল কোম্পানি টেলিটকের ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/result) এ ফল দেখা যাবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ পরীক্ষায় গড় পাসের হার ১৯ দশমিক ৩৪ শতাংশ। স্কুলে শিক্ষকতার জন্য পাস করেছে ২৭ হাজার ৩৬১ জন। এতে পাসের হার ১৯ দশমিক ০৮ শতাংশ।
কলেজে শিক্ষকতার জন্য পাস করেছে ১৫ হাজার ২৮০ জন। পাসের হার ১৯ দশমিক ৮১ শতাংশ।
গত ১০ ও ১১ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ২ লাখ ২০ হাজার ৫১৭ জন এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষক নিয়োগ দেওয়ার জন্যে ধীরে ধীরে এ প্রতিষ্ঠানকে উন্নতমানের করে গড়ে তোলা হবে। এটিকে সরকারি কর্ম কমিশনের মতোই গড়ে তোলা হবে। এর মাধ্যমে যোগ্য প্রার্থীর তালিকা তৈরি করা হচ্ছে।"
তিনি আরো বলেন, এ পরীক্ষার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যোগ্য প্রার্থীর তালিকা দেওয়া হচ্ছে। প্রয়োজনে আবারও পরীক্ষা বা যোগ্যতা যাচাই করে এদের ভেতর থেকে শিক্ষক নিয়োগ দিতে পারবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/১৭০৪ ঘ.
bdnews24