২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি'র শিবির নিয়ন্ত্রিত কটেজে পুলিশের অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হল সংলগ্ন শিবির নিয়ন্ত্রিত একটি কটেজ থেকে ইসলামি চরমপন্থায় উদ্বুধকারী বই, চাঁদা আদায়ের রশিদ ও লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 04:49 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হল সংলগ্ন শিবির নিয়ন্ত্রিত একটি কটেজ থেকে ইসলামি চরমপন্থায় উদ্বুধকারী বই, চাঁদা আদায়ের রশিদ ও লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রনাধীন 'নিঝুম নিশি' কটেজের ৩০১ নম্বর কক্ষ থেকে এসব উদ্ধার করা হয়। ওই কক্ষে ইতিহাস বিভাগের মো. করিম ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সবুজ নামের দুই শিক্ষার্থী থাকেন। পুলিশ বলেছে, এ দুজনই ছাত্রশিবিরের কর্মী। চবি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিঝুম নিশি কটেজ থেকে কিছু জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ, সিল ও লাঠি উদ্ধার করেছি। "কটেজের বাসিন্দা করিম ও সবুজ ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।" অভিযান চলাকালে ওই কক্ষে কেউ ছিলেন না বলে জানান আলাউদ্দিন। চবি প্রক্টর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবাসিক হলের মধ্যে কোনো কিছু ঘটলে তার দায়-দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যেহেতু কটেজের বিষয় তাই এই বিষয়ে ব্যবস্থা নেবে পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন নয় । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২২১৫ ঘ.