২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ১৫ দিনব্যাপী নাট্য উৎসব শুরু

'সৃজনশীল তারুণ্যের নাট্যপ্রকাশ' স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 04:21 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সৃজনশীল তারুণ্যের নাট্যপ্রকাশ' স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এ উৎসবের আয়োজক। এতে বিভাগের স্নাতক পর্যায়ের ২৫জন শিক্ষার্থীর নির্দেশনায় ২৫টি নাটক মঞ্চায়ন হবে। সন্ধ্যায় নাটমণ্ডলে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। উপাচার্য বলেন, "নাটক হচ্ছে জীবনেরই প্রতিচ্ছবি। আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আমরা নাটকে প্রত্যক্ষ করি।" অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সৃজনশীল বিষয়গুলোর বরাদ্দ ক্রমান্বয়ে বাড়ানো উচিত। তা না হলে বিভাগগুলোর বিভিন্ন কাজে ব্যয়নির্বাহ করতে অনেক কষ্ট হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রহমত আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ ও কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রহমত আলী জানান, প্রতিবছরের মতোা স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে দীর্ঘ এক বছরের অনুশীলনের ফল হচ্ছে এই নাট্যোৎসব। পরে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'উজানে মৃত্যু' নাটকটি মঞ্চস্থ হয়। নির্দেশনায় ছিলেন আতিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৪০ ঘ.