ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আদিবাসী শিক্ষার্থীদের জন্য পাস নম্বর ৩৫ শতাংশ করার সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে কমিটির ১৪ তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত পাস নম্বর ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে।
এছাড়া সরকারি চাকরিতে সংরক্ষিত ৫ শতাংশ কোটা পূরণে আদিবাসীদের জন্য আলাদা নিয়োগ পরীক্ষা নেওয়ারও সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৈঠক সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় নির্ধারিত ৪০ শতাংশ পাস নম্বর না পাওয়ায় আদিবাসীদের সংরক্ষিত কোটা পূরণ হয় না। এজন্য পাস নম্বর কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে।
স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, বীর বাহাদার উশৈ সিং, যতীন্দ্র লাল ত্রিপুরা, গিয়াস উদ্দিন আহমেদ, কে এম খাদি ও আব্দুর রহমান বদি উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১১০ ঘ.
bdnews24