২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষিকা আরিফা হত্যাকারীকে গ্রেপ্তারের আশ্বাস মন্ত্রীর

শিক্ষিকা আরিফা খাতুনের হত্যাকারীকে শিগগিরই গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

পাবনা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষিকা আরিফা খাতুনের হত্যাকারীকে শিগগিরই গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন। এদিকে আরিফা হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে পাবনা শহরে। সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভায়নাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফাকে গত ২৭ ফেব্র"য়ারি দুপুরে শ্রেণী কক্ষের মধ্যেই কুপিয়ে হত্যা করে এক দৃর্বৃত্ত। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মঙ্গলবার ওই বিদ্যালয়ে যান। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, সরকার যখন সারা দেশে ৫৫ হাজার শিক্ষক নিয়োগ করে যখন প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে, তখন শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনা কোনো ষড়যন্ত্র কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ হত্যাকাণ্ডের বিচার ও ঘাতকের দৃষ্টান্তমুলক শাস্তি হবে, বলেন আফসারুল। শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানেও সরকার পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বলে জানান তিনি। সিরাজগঞ্জ জেলার বাসিন্দা আরিফা চাকরির কারণে পাবনার সাঁথিয়ায় ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের নিয়োগের পরে নিজ উপজেলার মধ্যে রাখার জন্য বদলি নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে। আরিফার নামে ওই বিদ্যালয়ে একটি ভবন তৈরির ঘোষণা দেন তিনি। আরিফা হত্যার বিচার দাবিতে দুপুরে জেলা শহরে পাবনা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও মহিলা পরিষদসহ কয়েকটি সংগঠন পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা হত্যাকারীকে তিন দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তা না হলে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮০০ ঘ.