ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার থেকেই আবার সুনসান নিরব হয়ে যাবে বাংলা একাডেমী প্রাঙ্গণ। বিকেল হলেই প্রবেশমুখে বইপ্রেমী মানুষের দীর্ঘ লাইন দেখা যাবে না আর। লেখক, পাঠক আর প্রকাশকদের আনাগোনা আর প্রাণবন্ত আড্ডার জন্যও অপেক্ষা করতে হবে আরো ১১ মাস। চলতি বছরের অমর একুশে গ্রন্থমেলা সোমবারই যে শেষ হলো।
মেলার সমাপনী অনুষ্ঠানে আয়োজকরা আবারও বললেন, দিনে দিনে বাঙালি সংস্কৃতিরই 'প্রতীক' হয়ে উঠেছে একুশের গ্রন্থমেলা। এই মেলাকে কেন্দ্র করেই এখন আবর্তিত হচ্ছে দেশের মননশীল বইয়ের প্রকাশনা। তেমনি প্রতিবছর এই বইমেলাতেই লেখক-পাঠক আর প্রকাশকের মাসব্যাপী সম্মিলনের সুযোগ ঘটছে।
তারা বললেন, বই আরো বিকোশিত হবে, হারিয়ে যাবে না।
মেলা মূলমঞ্চে এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।
তিনি বলেন, "প্রতি বছর মাসব্যাপী এই মেলার আয়োজন করে এক অনন্য নজির গড়েছে বাংলা একাডেমী।"
তথ্যমন্ত্রী আরো বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনসহ বিভিন্ন আলোচনায় চীন-ভারত থেকে রবীন্দ্র বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়ে প্রাণের এই মেলাকে আন্তর্জাতিক রূপ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলা একাডেমীর সভাপতি ও জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, "অনেকে মনে করেছিলেন, কম্পিউটার ও ইন্টারনেট মাধ্যম বিকশিত হওয়ার ফলে বই হারিয়ে যাবে। বইয়ের জায়গা দখল করে নেবে যন্ত্র। কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।"
"বইয়ের জায়গা আলাদা। বই আরো বিকশিত হবে, উন্নত হবে। হারিয়ে যাবে না।"
অধ্যাপক কবীর চৌধুরী বলেন, "বইয়ের প্রতি মানুষের ভালোবাসা প্রকাশের যে ইচ্ছা, তা আমরা পূরণ করার চেষ্টা করেছি। মেলায় প্রতিদিন পাঠকদের উপস্থিতি এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে।"
সমাপনী অনুষ্ঠানে এবারের মেলার প্রতিবেদন পেশ করেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব শাহিদা খাতুন। প্রতিবেদনে তিনি মেলা ব্যবস্থাপনা বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
শাহিদা খাতুন জানান, রোববার পর্যন্ত মেলায় মোট ২ হাজার ৯২৪টি বই এসেছে। ২৭ ফেব্র"য়ারি পর্যন্ত বাংলা একাডেমীর বিক্রয় কেন্দ্রে মোট বই বিক্রি হয়েছে ৭২ লাখ ৮৩ হাজার ৫৩ টাকার বই। আর সব মিলিয়ে ২৭ দিনে মেলায় মোট বিক্রির পরিমাণ ২৫ কোটি টাকা।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান।
শেষ দিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শেষ মুহুর্তের কেনাবেচায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দর্শনার্থী আর বিক্রেতারা।
সোমবারও ৮৯টি নতুন বই মেলায় এসেছে। এই হিসাবে ২৮ দিনে মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৩টি।
আর এদিন বাংলা একাডেমীর নজরুল মঞ্চে ২৪টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২৩০ ঘ.
bdnews24