দিনাজপুর, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর শিক্ষাবোর্ডের কতিপয় কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ এনে এর প্রতিবাদে দিনাজপুরে শিক্ষকরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
তারা বোর্ডের ৪ জন দুর্নীতিবাজ কর্মচারীকে চাকুরীচ্যুত ও গ্রেপ্তার করার দাবি জানান।
বিক্ষোভ-সমাবেশ ও মিছিল শেষে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বোর্ডের কতিপয় কর্মচারী শিক্ষকদের হয়রানি ও তাদের কাছ থেকে উৎকোচ আদায় করছে। এই কর্মচারীদের সন্ত্রাসী আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছে দিনাজপুরের শিক্ষক সমাজ।
অভিযোগে বলা হয়, গত ২২ ফেব্র"য়ারি এসব কর্মচারীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হন কাহারোল উপজেলার পশ্চিম মল্লিকপুর এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায়।
তিনি শিক্ষা বোর্ডের উপশহর ভবনে বিদ্যালয়ের একটি কাজে গেলে হুমায়ুন কবীর পলাশ নামের এক কর্মচারী তার কাগজপত্র আটকে রেখে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। এর আগে তার কাছ থেকে দেড় হাজার টাকা উৎকোচ নেওয়া হয়।
গত ২২ ফেব্র"য়ারি পরিমল চন্দ্র রায় শিক্ষা বোর্ড কার্যালয়ে গিয়ে বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্রনাথকে বিষয়টি অবহিত করেন। এরপর পরিমল চন্দ্র বোর্ড কার্যালয় থেকে বের হয়ে আসার পথে হুমায়ুন কবীর পলাশ, আলমগীর আহমেদ, রাজু আহমেদ ও মন্টু রাম রায় নামের চর কর্মচারী তাকে চড়-থাপ্পড় দেয় ও শারীরিকভাবে নির্যাতন করে।
এ ঘটনার প্রতিবাদে দিনাজপুরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা সোমবার দুপুর ১২টার দিকে দিনাজপুর লোকভবন প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ শেষে তারা মিছিল করেন। প্রায় ৫ হাজার শিক্ষকের অংশগ্রহনে মিছিলটি দিনাজপুর শহর প্রদক্ষিণ শেষে বালুবাড়ীতে শিক্ষা বোর্ড ভবনের সামনে যায়। সেখানে বোর্ড চেয়ারম্যান বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ।
স্মারকলিপিতে ওই ৪ কর্মচারীকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও চাকুরীচ্যুত করার দাবি জানানো হয়। এ ছাড়া শিক্ষা বোর্ড থেকে সকল প্রকার দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বোর্ড কার্যালয়ে আগত শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সৌজন্যমুলক আচরণ এবং বোর্ডের কোন কাজের ক্ষেত্রে অযৌক্তিকভাবে কালক্ষেপণ করা যাবে না বলে দাবি জানানো হয়।
এসব দাবি যথাসময়ে বাস্তবায়ন করা না হলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি, প্রতিবাদ সমাবেশ, দিনাজপুর শিক্ষাবোর্ড ঘেরাও কর্মসুচিসহ জেলার সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৩২ ঘ.
bdnews24