২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটির ভিত্তিস্থাপন

চট্টগ্রামে কর্ণফুলী নদীর ওপারে 'শেখ মুজিব মেরিটাইম ইউনিভিার্সিটি'র ভিত্তিফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 09:27 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কর্ণফুলী নদীর ওপারে 'শেখ মুজিব মেরিটাইম ইউনিভিার্সিটি'র ভিত্তিফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ১২টায় মেরিন একাডেমি সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে তিনি এ ফলক উন্মোচন করেন। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদার, মেরিটাইম ইউনিভার্সিটির প্রকল্প প্রধান ও মেরিন একোডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন ওই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ মেরিন একোডেমির অব্যবহৃত ৩৫ একর জায়গায় দেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে। এটি হবে দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় মেরিটাইম বিশ্ববিদ্যালয়। এখান থেকে মেরিন ক্যাডেটদের আন্তর্জাতিক মানসম্পন্ন 'ব্যাচেলর অব মেরিটাইম সাইন্স' ডিগ্রি দেওয়া হবে, যা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হচ্ছে। ২৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিয়মাণ এ বিশ্ববিদ্যালয়ের কাজ ২০১৩ সালে শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী মেরিন একাডেমির ৪৫তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে সালাম নেন এবং সেরা ১০ ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন। সর্বোচ্চ কৃতিত্বের জন্য রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছেন ক্যাপ্টেন রাইসুল ইসলাম। বেলা আড়াইটায় শেখ হাসিনা সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রাম আওয়ামী লীগের তিনটি সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। তার আগে তিনি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। গ্র্যাজুয়েশন প্যারেড পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, নৌপরিবহন খাতে দক্ষ জনবলের চাহিদা মেটাতে মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে। এখান থেকে ক্যাডেটরা শিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি হিসেবে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও কর্মসংস্থানের সুযোগ পাবে। সরকার প্রায় আটশ কোটি টাকা ব্যয়ে বরিশাল, খুলনা, পাবনা, রংপুর, নারায়নগঞ্জ ও সিলেটে ছয়টি নতুন মেরিন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েচে বলে জানান তিনি। বর্তমান সরকার সমুদ্র্রগামী জাহাজ নির্মাণ ও জাহাজভাঙা শিল্পকে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি বলেন, জাহাজভাঙা শিল্পকে একটি আলাদা খাত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে পরিবেশের যাতে কোন ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকার আহবান জানান তিনি। এরপর বেলা আড়াইটায় শেখ হাসিনা সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রাম আওয়ামী লীগের তিনটি সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/পিডি/২১৩৭ ঘ.