২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় স্বাস্থ্যনীতিতে প্রাণ রসায়নবিদদের অন্তর্ভুক্তি সহ আট দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 07:23 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্বাস্থ্যনীতিতে প্রাণ রসায়নবিদদের অন্তর্ভুক্তি সহ আট দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার যোগ্যতা-দক্ষতা থাকা সত্ত্বেও নির্দিষ্ট পদ না থাকায় আমরা কাজ করতে পারছি না।" একই দাবিতে ২৭ জানুয়ারি দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করে। শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে প্রাণরসায়নবিদদের শিক্ষক হিসেবে নিয়োগদান, চিকিৎসকদের মতো প্রাণরসায়নবিদদের নিবন্ধনের ব্যবস্থা করা, সব মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক গবেষণাগারে প্রাণরসায়নবিদদের পদোন্নতির সুযোগসহ পদায়নের নীতিমালা গ্রহণ, ঔষধ কোম্পানিগুলোতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং কোয়ালিটি এস্যুরেন্স বিভাগে প্রাণরসায়নবিদদের নিয়োগ বাধ্যতামূলক করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩০৫ ঘ.