চট্টগ্রাম, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শনিবার অনুষ্ঠিত হবে।
সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৬৬৭ জন।
প্রধান নির্বাচন কমিশনার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষক সমিতির ১১টি পদে দুটি প্যানেলে মোট ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গত সোম ও বুধবার নির্বাচনের অগ্রিম ভোট গ্রহণ হয়েছে। ওই দুই দিনে মোট ১৩৮ জন ভোটার ভোট দিয়েছেন বলে অধ্যাপক গফুর জানান।
সরকার সমর্থক শিক্ষকরা হলুদ প্যানেলে এবং বিরোধী দল সমর্থকরা সাদা প্যানেলের হয়ে এই নির্বাচন অংশ নিচ্ছে।
সভাপতি পদে হলুদ প্যানেলের রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে প্রতিদ্বন্দ্বিতা করছেন দর্শন বিভাগের অ্যধাপক মো. মোজাফফর আহমদ চৌধুরীর সঙ্গে।
সাধারণ সম্পাদক পদে হলুদ প্যানেল থেকে প্রার্থী হয়েছেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলী আজগর চৌধুরী। সাদা প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন।
সহ সভাপতি পদে হলুদ প্যানেলের প্রার্থী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ মুয়াজ্জেম হোসেন, সাদা প্যানেলের প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ইমাম হোসেন।
যুগ্ম সম্পাদক পদে হলুদ প্যানেল থেকে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রভাষক রবিউল হাসান ভূঁইয়া এবং সাদা প্যানেল থেকে ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের প্রভাষক মো. শাহ্ আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কোষাধ্যক্ষ পদে হলুদ প্যানেল থেকে প্রার্থী হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এ কে এম তফাজ্জল হক। অন্যদিকে সাদা প্যানেল থেকে এই পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম নির্বাচন করবেন।
এছাড়া কার্যকরী পরিষদের ছয়টি সদস্য পদে উভয় প্যানেল থেকে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/সিএম/এমআই/২০৩৭ ঘ.
bdnews24