সিলেট, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের মেয়াদেই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
কলেজ অডিটোরিয়ামে শনিবার এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিপূর্বেই বাংলাদেশের সব ক’টি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন। সেক্ষেত্রে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ঢাকার বাইরে অত্যন্ত পুরনো প্রতিষ্ঠান হিসেবে সিলেটের এ দাবি অত্যন্ত জোরালো।
“অগ্রাধিকার ভিত্তিতে সেটা বাস্তবায়ন করা হবে।”
জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুনের সংবর্ধনায় আয়োজিত এ অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, হাসপাতালের অডিটোরিয়ামের আধুনিকায়নের কাজও খুব শিগগির শুরু হবে।
দেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি ও শিল্পের বিকাশের জন্য দেশীয় শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।
মুহিত বলেন, “বিনিয়োগ না বাড়লে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি সম্ভব হয় না। সরকার বিদ্যুৎ ও জ্বালানিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের কর্মশক্তি ও কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পের বিকাশের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।”
সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ অচিরেই শুরু হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সিলেটে নতুন দু’টি বিদ্যুৎ প্রকল্প ও শাহজালাল সার কারখানার কাজ শিগগিরই শুরু হবে।
সংবর্ধনা অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ সিলেট।
এর আগে সকালে অর্থমন্ত্রী ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আধুনিকায়ন ও স¤প্রসারিত ভবন, ডেন্টাল ইউনিট এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ভবন উদ্বোধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯১৩ ঘ.
bdnews24