চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রতিবাদ জানিয়েছে বিএনপিপন্থী শিক্ষকরা।
রোববার বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার মিলনায়তনে জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ (সাদা দল) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক কেএম গোলাম মহিউদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশকে নস্যাৎ করতে এবং দলীয় শিক্ষক নিয়োগ দিতে নিুতম মেধা শর্ত নির্ধারণ করেছে চবি কর্র্তৃপক্ষ।”
গত ২২ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষার সব স্তরে জিপিএ ৩ প্রাপ্তদের যোগ্য বিবেচনা করার নিয়ম অনুমোদন করে কর্তৃপক্ষ। বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে ১৩ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ শর্ত উল্লেখ করা হয়।
অধ্যাপক গোলাম মহিউদ্দিন বলেন, “শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নির্ধারণ করা যোগ্যতার শর্ত উপেক্ষা করে শিক্ষার সব স্তরে জিপিএ-৩ প্রাপ্তদের যোগ্য বিবেচনা করা হয়েছে।”
তিনি বলেন, এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে øাতক ও øাতকোত্তর পর্যায়ে আবেদনের ন্যূনতম যোগ্যতা ছিলো জিপিএ-৩ দশমিক ৫। এছাড়া বিশেষ কয়েকটি বিভাগে বিভিন্ন সময়ে এ যোগ্যতা আরো বাড়ানো হয়।
নতুন এ শর্তে শিক্ষক নিয়োগ দেওয়া হলে তা আত্মঘাতী ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক কলঙ্কজনক ঘটনা হবে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক।
সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে মোট ছয় দফা দাবি তুলে ধরে তারা।
এগুলো হলো, বিশ্ববিদ্যালয়ে নতুন জিপিএতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়ম বন্ধ করা, বিশ্ববিদ্যালয়ের সব পর্ষদের মতামত নিয়ে শিক্ষক নিয়োগের নতুন শর্ত নির্ধারণের কার্যক্রম শুরু করা, দলীয় বিবেচনায় গঠিত নির্বাচনী বোর্ডগুলো বাতিল করা, নির্বাচনে প্রশাসনের হস্তক্ষেপ বন্ধ করা ও আবাসিক হলে মেধাভিত্তিক সিট বরাদ্ধ ও বৈধ শিক্ষার্থীদের হলে অবস্থান নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাদা দলের সদস্য পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. আবদুল করিম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী, ফাইনান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষক এসএম নছরুল কদির প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএইচ/২১৪৮ ঘ.
bdnews24