২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেঞ্জি কিনতে গিয়ে তর্কাতর্কি, এরপর ভাংচুর

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক প্লাজায় গেঞ্জি কেনা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ওই বিপণি বিতানে ভাংচুর চালিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 05:32 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

জবি, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক প্লাজায় গেঞ্জি কেনা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ওই বিপণি বিতানে ভাংচুর চালিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র। বুধবার দুপুর ২টার দিকে এ ভাংচুর হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তার আগে গেঞ্জি কিনতে গিয়ে কয়েকজন ছাত্রের সঙ্গে দোকানিদের তর্কাতর্কি হয়। ছাত্ররা জানায়, ইতিহাস বিভাগের ছাত্র সোহেল, মর্তুজা ও সেলিম সিদ্দিক প্লাজার ১০ নম্বর দোকানে গেঞ্জি কিনতে গেলে দরকষাকষির এক পর্যায়ে তর্কাতর্কি শুরু হয়। তখন দোকান মালিক ফখরুল হোসেন টিটু অন্য দোকানিদের নিয়ে সোহেলকে আটকে মারধর করে। তবে টিটু তর্কাতর্কির কথা স্বীকার করলেও মারধরের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অস্বীকার করেন। এদিকে সোহেলকে আটকে রাখার খবর ক্যাম্পাসে গেলে ৫০-৬০ জন ছাত্র একত্রিত হয়ে সিদ্দিক প্লাজায় গিয়ে ব্যাপক ভাংচুর চালায়। নগর সিদ্দিক প্লাজার মালিক পারভেজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুঝে উঠার আগেই ছাত্ররা এক হয়ে ৬-৭টি দোকানে ভাংচুর চালায়।” ভাংচুরের কারণে ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩২৯ ঘ.