ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচার দ্রুত করার দাবি এবং মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে তিন দিনের অনুষ্ঠান আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সাংস্কৃতিক সংগঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় টুরিস্ট সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, স্লোগান ৭১, তীরন্দাজসহ কয়েকটি সংগঠন যৌথভাবে ‘রক্তে রাঙা বিজয় আমার’ শিরোনামে এসব কর্মসূচি আয়োজন করছে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে বুধবার সকাল সাড়ে ১১টায় মুক্তিযুদ্ধে শহীদ সব বুদ্ধিজীবী ও শিক্ষক হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠানমালা। দুপুর ২টায় স্লোগান ৭১ আয়োজন করে ‘আমার ভালবাসার পতাকা’ শিরোনামের এক কর্মসূচিতে অনেকের অংশগ্রহণে ৫৪ ফুট দীর্ঘ ও ৩২ ফুট প্রস্থের একটি জাতীয় পতাকা তৈরি করে।
সন্ধ্যা ৬টায় তীরন্দাজ প্রদর্শন করে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী ও শিক্ষকদের হত্যা নিয়ে নির্মিত পথনাটক। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বিতার্কিকরা সন্ধ্যা ৭টায় আয়োজন করে প্লানচেট বিতর্ক।
বিজয় দিবসের আগের দিন
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দুদিনের অনুষ্ঠান আয়োজন করেছে সংগঠনগুলো।
বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির প্রদর্শনী বিতর্কের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান শুরু হবে। বিকাল সাড়ে ৫টায় সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করবে ব্যান্ডদল ওল্ড স্কুল, চিরকুট, চিৎকার, সহজিয়া, সাঁই ছাড়াও প্রভাত ফেরি ও সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় টুরিস্ট সোসাইটি সন্ধ্যা ৬টা থেকে আয়োজন করবে বিজয় দিবসের ডেমোনেস্ট্রেশন।
সন্ধ্যা ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে স্বাধীনতার চল্লিশ বছর উদযাপনে ৪০টি ফানুস ওড়ানো হবে যা চলবে রাত ১২টা পর্যন্ত। রাত ১২টা এক মিনিটে স্লোগান ৭১-এর আয়োজনে আতশবাজি পোড়ানো হবে।
বিজয় দিবস
শুক্রবার বিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি বিকেল ৫টায় টিএসসি চত্বরে বিজয় দিবসের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে বিকেল ৬টা থেকে হবে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী।
এতে কনসার্ট ফর বাংলাদেশ থেকে জর্জ হ্যারিসনের গাওয়া ‘বাংলাদেশ’ গানটির ভিডিও ফুটেজ, প্রয়াত তারেক মাসুদ পরিচালিত ‘নরসুন্দর’ এবং ‘মুক্তির গান’, আমেরিকান চলচ্চিত্রকার লিয়ার লেভিনের ‘জয় বাংলা’, মোরশেদুল ইসলামের ‘আগামী’ ও জহির রায়হানের Stop Genocide দেখানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এএইচ/২২২৯ ঘ.
bdnews24