ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৌদ্ধ স¤প্রদায়ের জন্য চট্টগ্রামের বিলুপ্ত পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়টি নতুন করে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার।
এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আতফুল হাই শিবলীকে আহ্বায়ক করে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে সরেজমিন পরিদর্শন করে মতামত দিতে বলা হয়েছে।
কমিটর অন্য সদস্য হলেন- ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব ফেরদৌস জামান।
আতফুল হাই শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার স্থান শিগগির পরিদর্শন করে প্রতিবেদন দেওয়া হবে। প্রতিবেদন দেওয়ার পরই সরকার এ ব্যাপারে উদ্যোগ নেবে।
বিলুপ্ত পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ের স্থানে ‘পণ্ডিত বিহার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার জন্য গত ১৫ জুন প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন অধ্যাপক জিনরোধি ভিক্ষু। তিনি বাংলাদেশ বুড্ডিষ্ট রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা (পালি ও সংস্কৃত) বিভাগের শিক্ষক।
জিনরোধি ভিক্ষু মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরাকান রাজা জয়চন্দ্রের প্রাচীন রাজধানী ছিল চট্টগ্রামের ফরাতারা মন্দির এলাকায়। ওই সময় সেখানে ছিলো পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়।”
বিশ্ববিদ্যালয়টিতে ৬০ হাজার বৌদ্ধ ভিক্ষু পড়াশোনা করতেন উল্লেখ করে তিনি বলেন, প্রায় ধ্বংসপ্রাপ্ত মন্দিরটি ১৯০৭ সালে পুণঃনির্মাণ করা হলেও বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়নি।
বিশ্ববিদ্যালয়টি নতুন করে প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের সংখ্যালঘু বৌদ্ধ স¤প্রদায়ের লোকেরা আরো বেশি উচ্চ শিক্ষার সুযোগ পাবে বলে মনে করেন তিনি। এছাড়া পার্বত্য এলাকার শিক্ষার্থীদের পড়াশোনাও সহজ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২২০০ ঘ.
bdnews24