ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বাধ্যবাধকতা রেখে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা’ সংশোধন করেছে সরকার।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করে।
এতে বলা হয়, “প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লাটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে লটারির কার্যক্রম সম্পন্ন করতে হবে।”
লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর পাশাপাশি অপেক্ষমাণ তালিকা প্রস্তুতের কথাও বলা হয় পরিপত্রে। নির্ধারিত তারিখে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করতে হবে বলে পরিপত্রে বলা হয়।
গত বছরের ৬ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি সংক্রান্ত এক সভায় লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ৩১৭টি বিদ্যালয়ের যেগুলোতে প্রথম শ্রেণী রয়েছে সেখানেও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে ওই সময় জানানো হয়েছিল।
রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লটারিতে ভর্তি পদ্ধতি শুরু হয় গত বছর। তখন প্রতি আসনে ভর্তিচ্ছু ছিল ২৫ জন।
রাজধানীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী আছে এমন ১৩টি মিলিয়ে মোট আসন সংখ্যা এক হাজার পাঁচশ।
রাজধানীর বেসরকারি বিদ্যালয়গুলোতেও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/০০৫৮ ঘ.
bdnews24