ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ২০ জন শিক্ষার্থীকে পূর্ণ বৃত্তি দেবে চীনের উনান প্রদেশ সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার উনান প্রদেশের শিক্ষা বিভাগের উপ-পরিচালক ইয়াং গনঝির নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে দেখা করে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের উনান প্রদেশের মানসম্মত কলেজ-বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের আগামী শিক্ষাবর্ষ থেকে ভর্তির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে ২০ জনকে পূর্ণ বৃত্তি দিয়ে এদের টিউশন ফি, থাকা, চিকিৎসা ও যাতায়াতের সব ব্যয় বহন করবে উনান প্রদেশ সরকার।
চীনা প্রতিনিধি দল বাংলাদেশে চীনা ভাষা শিক্ষা ও দূরশিক্ষণ পদ্ধতিতে সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২৩২১ ঘ.
bdnews24